মুক্তির আগেই প্রায় ২০০ কোটির ব্যবসা ‘কিং’য়ের!
তিনি আদতেই বলিউডের বেতাজ ‘বাদশা’ যে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান। মুক্তির আগেই প্রায় ২০০ কোটির ব্যবসা করে ফেলল ‘কিং’। বিদেশের মাটিতে বিপুল টাকার বিনিময়ে কেনা হল শাহরুখ খানের কিংয়ের সত্ত্ব। আর এর সঙ্গেই নতুন রেকর্ড গড়ে ফেলল ভারতীয় সিনেমা।
সূত্রের খবর, ‘কিং’ ছবির ওভারসিজ রাইট কিনেছে ফার্স ফিল্মস। এঁরাই বিদেশের মাটিতে ছবিটি বিক্রি করবেন। ছবির নির্মাতাদের থেকে ১৭৫ কোটি টাকায় অর্থাৎ ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে কিং ছবির ওভারসিজ সত্ত্ব কিনেছেন তাঁরা।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এই ফার্স ফিল্মসই শাহরুখ খান অভিনীত ২০২৩ সালের দু’টো ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ডিস্ট্রিবিউট করেছিল। আর দু’টো ছবিই বক্স অফিসে ঝড় তুলেছিল। জাঁকিয়ে ব্যবসা করেছিল। এবার এটাই দেখার পালা, কিং বক্স অফিসে কী করে। বিদেশের মাটিতেও ছবির ডিস্ট্রিবিউট করার অভিজ্ঞতা রয়েছে ফার্স ফিল্মসের। অতীতে যশরাজ ফিল্মসের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছেন তাঁরা। এমনকী প্রভাস অভিনীত সাহুর বিদেশের মাটিতে বিক্রিও তাঁরাই দেখেছিলেন।
তবে চমক অন্য জায়গায়। এতদিন কোনও ভারতীয় ছবির ওভারসিজ রাইট ১০০ কোটি টাকা টপকাতে পারেনি। সেখানে ‘কিং’ ছবিটির সত্ত্ব ১৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। ফলে এটার সঙ্গে ‘কিং’ মুক্তি পাওয়ার আগে একদিকে যেমন দারুণ ব্যবসা করল, তেমনই নজির গড়ল।
অনুমান করা হচ্ছে, যেখানে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’, ‘পাঠান’ বিদেশের বক্স অফিসে ৪০০ কোটি টাকার মতো ব্যবসা করেছে, সেখানে ‘কিং’-ও কম বেশি ৩৫০ কোটি টাকার মতো ব্যবসা করবেই।
‘কিং’ ছবিটির বিষয়ে বলতে গেলে, এই ছবিটিতে শাহরুখ খান ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা যাবে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াট, রাঘব জুয়াল, প্রমুখ। এই প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে স্ক্রিন ভাগ করবেন শাহরুখ খান। সুহানা ২০২৩ সালে ‘আর্চিজ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। কিন্তু বড়পর্দায় মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি হবে ‘কিং’।
এই ছবির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে ‘পাঠান’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সিদ্ধার্থ এবং শাহরুখ। ছবিটির প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। প্রসঙ্গত, ২০২৫ সালে শাহরুখ খানের জন্মদিনের দিন ২ নভেম্বর ছবিটির নাম ঘোষণা করা হয়। সেখানে তিনি অ্যাকশন হিরো অবতারে ধরা দেন, এবং লেখেন, ‘ভয় নই, আমি আতঙ্ক।’ এরপর এই বছরের গোড়ার দিকে ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন