শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ‘মুরাসু’

সোনার দেশ ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ০২:৫২ অপরাহ্ন
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ‘মুরাসু’

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 


পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারতের আবহাওয়া দপ্তর । আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’। ইতোমধ্যেই এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ এবং শক্তিবৃদ্ধির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।


আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। অনুকূল পরিবেশ পাওয়ায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 

আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই আবহাওয়া ব্যবস্থার। পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে এর আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস রয়েছে। এরপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়েও প্রাথমিক পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শক্তি বাড়ানোর পর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। 

বঙ্গোপসাগরের উপর দিয়ে এগিয়ে ২ নভেম্বর সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের কাছাকাছি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ, গতিবেগ এবং উপকূলে আছড়ে পড়ার নির্দিষ্ট স্থান সম্পর্কে আরও পর্যবেক্ষণের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব কতটা পড়বে, তা নির্ভর করে ঘূর্ণিঝড়ের অবস্থান, শক্তি এবং গতিপথের উপর। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সময় সমুদ্র উত্তাল হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


তবে পশ্চিমবঙ্গ, ওড়িশা কিংবা দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। সেজন্য পরবর্তী আবহাওয়া বুলেটিনের দিকে নজর রাখা জরুরি।


সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি হতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের আবহাওয়া দপ্তরের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, এখন সেদিকেই নজর আবহাওয়াবিদদের। সম্ভাব্য ‘মুরাসু’-র গতিপথ ও শক্তি সম্পর্কে আগামী কয়েক ঘণ্টার আবহাওয়া বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।


তথ্যসূত্র: আজকাল অনলাইন