শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

হুথিদের সহায়তায় আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

সোনার দেশ ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬ ১২:১৮ অপরাহ্ন
হুথিদের সহায়তায় আমিরাত, ফাঁস চাঞ্চল্যকর তথ্য!
সংগৃহীত ছবি

ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের গোপনে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এমনকি সৌদি সমর্থিত বাহিনীকে লক্ষ্যবস্তু করতে হুথিদের গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগও উঠেছে দেশটির বিরুদ্ধে।


যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে চারটি সূত্রের বরাতে বলা হয়েছে, আমিরাতের ঘনিষ্ঠ ইয়েমেনি বাহিনী হুথিদের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে। বিষয়টি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও আবুধাবি এ ব্যাপারে নীরব রয়েছে বলে দাবি করা হয়েছে।


এর মধ্যে দুটি সূত্রের দাবি, আমিরাত সরাসরি হুথিদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। এসব তথ্য ব্যবহার করে ইয়েমেনের অভ্যন্তরে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর ওপর হামলা চালানো সম্ভব হচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে।


দুই পক্ষের যোগাযোগব্যবস্থা সম্পর্কে অবগত এক ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত সানাভিত্তিক হুথি প্রশাসনকে উল্লেখযোগ্য পরিমাণ গোয়েন্দা তথ্য দিয়েছে। দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে। এমনকি আমিরাত-সমর্থিত সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগের জন্য হুথিরা নিজস্ব চ্যানেলও তৈরি করেছে বলে ওই সূত্রের দাবি।


প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাত ও হুথিদের মধ্যে কথিত এই সহযোগিতা ইয়েমেন ঘিরে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আমিরাতের সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের এমন যোগাযোগের অভিযোগ আঞ্চলিক কূটনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে।


ড্রপ সাইট নিউজের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে ইয়েমেনে সৌদি আরবের তুলনায় আমিরাতের প্রভাব কমে যাওয়ার পর দুই পক্ষের স্বার্থে কিছুটা মিল তৈরি হয়েছে। এর ফলে ইয়েমেনে নিজেদের কৌশলগত প্রভাব পুনরুদ্ধারের সুযোগ দেখছে আবুধাবি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।


এদিকে সৌদি আরবে হুথিদের হামলা এবং ইয়েমেনের অভ্যন্তরে সংঘাত আরও তীব্র হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রধান বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এসব হামলার জেরে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন বাতিল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে, ইয়েমেনের সরকারি কর্মকর্তারা তাইজ শহরে হুথিদের অবরোধ জোরদার এবং আবাসিক এলাকায় হামলার অভিযোগ তুলে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন।


এ পরিস্থিতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছে কায়রো। অন্যদিকে, ইরান সংলাপের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ