রাবির ২৬ শিক্ষার্থী পেলেন ‘প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৬ জন কৃতী শিক্ষার্থীকে ‘প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে কৃতী শিক্ষার্থীদের এই বৃত্তির চেক ও সনদপত্র প্রদান করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও বৃত্তির পৃষ্ঠপোষক রাবির ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক ড. মঈন হোসেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী তিনজন করে শিক্ষার্থীর প্রত্যেককে এই বৃত্তির ৫ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বৃত্তির পৃষ্ঠপোষক ড. মঈন হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর দিলশাদ আরা বুলু, ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর মো. শেরেজ্জামান, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ইউনুস আহমদ খান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শ্রাবণী আক্তার, আন্না কারানিনা, মো. মওদুদ হাসান সৈকত ও ফারহানা কিবরিয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, মেধার মূল্যায়ন না হলে মেধা চর্চা অনুপ্রাণিত হয় না। তাই এই বৃত্তি প্রদানের মাধ্যমে শুধু কৃতী শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করা হলো তাই নয়, নবীনদেরও মেধা বিকাশে অনুপ্রাণিত করা হলো। মেধার বিকাশ ও লালনকে উৎসাহিত করার জন্য তিনি সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃত্তি, পদক ও পুরস্কার প্রদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
২০২১ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার শীর্ষ স্থান অধিকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মোছা. শ্রাবণী আক্তার, মো. রহমত উল্লাহ ও মোরশেদ আলম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ); সুবাইসতা নাইমি, ফারহানা কিবরিয়া ও মোছা. উম্মে রশিদা (ইতিহাস বিভাগ); মিজানুর রহমান, মো. সাদ্দাম হোসেন ও মো. মওদুদ হাসান সৈকত (অর্থনীতি বিভাগ) এবং রোকেয়া আলম শানু, আন্না কারনিনা ও বসির রায়হান মনি (ভূতত্ত্ব ও খনিবদ্যা বিভাগ)।
২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার শীর্ষ স্থান অধিকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, জোহরা আকতার, ফাহমিদা আকতার, তানজিন সরকার ও মোছা. খাদিজা খানম (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ); খালিদ হাসান, মো. মাসুদ আল আরফিন, মো. রায়হান নবিউল রনি ও মোছা. কানিজ ফাতেমা (ইতিহাস বিভাগ); মো. হামদুল ইসলাম, মোছা. অনু খাতুন ও মো. ইকবাল হাসান (অর্থনীতি বিভাগ) এবং জুই খাতুন, তামান্না ইয়াসিন ও সাউদা আকতার নাতাশা (ভূতত্ত্ব ও খনিবদ্যা বিভাগ)।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমসহ বিশিষ্ট শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ড. এ বি এম হোসেন রাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর (মরহুম) ও ড. শাহানারা হোসেন ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর (মরহুম)।