দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নতুন মুখ মাহফিজুল
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ঘোষিত দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম, আর চার বছর পর টেস্ট দলে ফিরেছেন নাইম শেখ। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসাইন শান্ত। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রেখেছে নির্বাচক প্যানেল। ব্যাটিং বিভাগে শান্তর সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী ও মাহফিজুল ইসলাম।
অন্যদিকে অলরাউন্ডার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বিভাগে তার সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম। পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদকে রাখা হয়েছে।
দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার এবাদত হোসেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে তার অন্তর্ভুক্তি পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করতে পারে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।