বুধবার, নভেম্বর ১১, ২০২৬

নগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬

সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ নভেম্বর ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন
নগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬


রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তাঁদের মধ্যে দুজন মাদক কারবারি এবং চারজন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর পাঁচটি থানার পুলিশ এসব অভিযান চালায়।




পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বেলপুকুর থানার পুলিশ উত্তর কাজিপাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে। বর্তমানে বেলপুকুর থানার মাহেন্দ্রা এলাকায় বসবাস করেন। তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় পেনাল কোডে একটি এবং চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে।



অন্যদিকে, কাটাখালী থানার পুলিশ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে কাপাসিয়ার চৌমহনী চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. ছাদেক আলী (৪৯) নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি চক কাপাশিয়া গ্রামের কুদরত আলীর ছেলে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।



এ ছাড়া মতিহার থানার পুলিশ সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী হাসান মো. মুজাহিদ (২০) ও মোহাম্মদ এজাজুল (৪০) নামের দুজনকে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।




একইভাবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানার মোড়ে অভিযান চালিয়ে মো. আরাফাত হোসেন (১৯) নামের একজনকে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। তিনি দামকুড়া থানার খোলাবোনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। এ ছাড়া সকাল পৌনে ১০টার দিকে সাগরপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মো. জুবায়ের হোসেন ওহি (২১) নামের একজনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ। তিনি সাগরপাড়া বল্লভগঞ্জ এলাকার জাহিদ হোসেনের ছেলে।



পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।