রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা: হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা: হাতুড়ি ও অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয় নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সিহাব। রাত ৮টার দিকে মো. হাবিবুল বাসার শিমুল ২০০ টাকা ভাড়ায় তাকে দিগ্রামের উদ্দেশে নিয়ে যায়। পরে গোদাগাড়ীর মোহনপুর ইউনিয়নের কলিপুর এলাকায় গোদাগাড়ী-আমনুরা সড়কের পাশে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী পেছন থেকে লোহার হাতুড়ি দিয়ে সিহাবের মাথায় পরপর দুটি আঘাত করে শিমুল। এতে তার মৃত্যু হলে মরদেহ ধানক্ষেতে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় সে।


৩১ অক্টোবর সকালে কলিপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সিহাবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সোহেল রানা গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোদাগাড়ীর লস্করহাটী গ্রামের হাবিবুল বাসার শিমুল, তাঁর মা জোহুরা বেগম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয় নগর মীরপাড়া গ্রামের সুজন এবং বাগানপাড়া গ্রামের আব্দুল হালিম। পুলিশের দাবি, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।


গোদাগাড়ী মডেল থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।