সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
আমানত সংগ্রহ, ঋণ আদায়, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স আহরণে নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের নির্দেশ দিয়েছেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ই-ওয়ালেট ও বাংলা কিউআরের মাধ্যমে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সোনালী ব্যাংকের রাজশাহী ও বগুড়া জেনারেল ম্যানেজারস অফিসের উদ্যোগে আয়োজিত বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. জামান মোল্লা, মো. সাফায়েত হোসেন পাটওয়ারী এবং বগুড়া জেনারেল ম্যানেজারস অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোছা. রোকশানা আক্তার জাহান। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উত্তরবঙ্গের জন্য বিশেষ কৃষি হাব গড়ে তোলার লক্ষ্যে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম এবং দেশের খাদ্যনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকার ঘোষিত অন্যান্য পুনঃঅর্থায়ন স্কিমের নির্ধারিত লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের নির্দেশ দেন। ব্যাংকের সব ব্যবসায়িক ও আর্থিক সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নেও গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথিরা ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, খেলাপি ঋণ আদায়, ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. শওকত জামান বলেন, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের দিকনির্দেশনা অনুসরণ করে রাজশাহী ও বগুড়া অঞ্চলের ব্যাংকিং কার্যক্রমে আরও গতিশীলতা আনা হবে। নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, সেবার মানোন্নয়ন ও ব্যাংকের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে তিনি সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিংয়ের প্রসার এবং গ্রাহকসেবার উৎকর্ষ সাধনে নতুন কর্মোদ্দীপনা তৈরির প্রত্যয় ব্যক্ত করা হয়।