রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

রবি শস্যের আবাদ বাড়াতে মোহনপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মোহনপুর প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
রবি শস্যের আবাদ বাড়াতে মোহনপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ

রাজশাহীর মোহনপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৬ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির লক্ষ্য।


শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।


কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সরিষা চাষে ৬ হাজার ৩০০ কৃষককে জনপ্রতি এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। মসুর চাষে ৫০ জন কৃষক পেয়েছেন পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার। খেসারি চাষে ২০ জন কৃষককে আট কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এ ছাড়া অড়হর চাষে ১০ জন কৃষককে দুই কেজি বীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।


সব মিলিয়ে চারটি ফসলের আওতায় ৬ হাজার ৪৩০ জন কৃষক এ সহায়তা পেয়েছেন।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মমেনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মতিন ও শুভ ভৌমিক, উপজেলা যুব নেতা মির্জা শওকত, ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকেরা।


অনুষ্ঠান শেষে চলমান রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখা এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সার বিতরণ নিশ্চিত করতে সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে মোহনপুরে ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ঘর স্থাপনের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।