দুর্গাপুরে অধিকাংশ সোলার সড়কবাতি অচল,শুধু দাঁড়িয়ে আছে খুঁটি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন মোড়, বাজারসংলগ্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে স্থাপন করা অধিকাংশ সোলার সড়কবাতি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। কোথাও শুধু লোহার খুঁটি দাঁড়িয়ে আছে, নেই সোলার প্যানেল ও ব্যাটারি, আবার কোনো কোনো স্থানে বাতি থাকলেও তা জ্বলছে না। ফলে সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় নেমে আসে ঘোর অন্ধকার। এতে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ বাড়ছে।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় দুর্গাপুরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও গ্রামীণ এলাকায় এসব সোলার সড়কবাতি স্থাপন করা হয়েছিল। স্থাপনের পর কিছুদিন বাতিগুলো নিয়মিত জ্বললেও পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে একে একে নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে মেরামত না করায় অনেক বাতির সোলার প্যানেল, ব্যাটারি ও আলোকযন্ত্র অকেজো হয়ে পড়েছে। কোথাও আবার প্যানেল ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় খুঁটিগুলো এখন কেবল অবকাঠামোর স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে।
মারিয়া গ্রামের বাসিন্দা রাজিব বলেন, তাঁদের এলাকার বিভিন্ন মোড়ে বিগত সরকারের আমলে সোলার সিস্টেমের আলোকবাতি স্থাপন করা হয়েছিল। শুরুতে এসব বাতির কারণে রাতে চলাচল অনেক সহজ ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে বাতিগুলো নষ্ট হয়ে পড়ে আছে। অনেক স্থানে শুধু খুঁটি দেখা যায়, সোলার প্যানেল বা বাতির কোনো চিহ্ন নেই।
পানানগর গ্রামের আরিফুল ইসলাম বলেন, তাঁদের বাড়ির পাশের সড়কে স্থাপিত সোলার বাতিটি একসময় রাতভর আলো দিত। স্থানীয় মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা সেই আলো ব্যবহার করে চলাচল করতেন। কিন্তু প্রায় দেড় বছর ধরে বাতিটি নষ্ট হয়ে আছে। এখন সন্ধ্যার পর পুরো সড়ক অন্ধকার হয়ে যায়। এতে বিশেষ করে রাতের বেলায় জরুরি প্রয়োজনে চলাচল করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। বর্তমান সরকারের এরপ্রতি গুুরুত্ব দেয়া দরকার।
দুর্গাপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার বসবাসকারিরা জানান, কয়েক বছর আগেও সন্ধ্যার পর সোলার বাতির আলোয় গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সড়কগুলো আলোকিত থাকত। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, রাতের চলাচল ও জননিরাপত্তা—সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমানে অধিকাংশ বাতি অচল থাকায় সেই সুবিধা আর পাওয়া যাচ্ছে না। অন্ধকার সড়কে পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহনের চালকদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অন্ধকারের সুযোগে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধের আশঙ্কাও বেড়েছে। বিশেষ করে বাজার, স্কুল-কলেজের আশপাশ, ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকা এবং গ্রামীণ সংযোগ সড়কগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাতের বেলায় নারী ও শিশুদের চলাচল আরও কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাইরে বের হতে চান না।
এ ছাড়া সড়কবাতি অচল থাকায় সড়কের গর্ত, ভাঙা অংশ, কালভার্ট ও বাঁকের মতো ঝুঁকিপূর্ণ স্থানগুলো রাতে দেখা যায় না। এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। স্থানীয়রা মনে করেন, সোলার বাতিগুলো সচল থাকলে বিদ্যুৎ সংযোগের ওপর নির্ভরতা ছাড়াই গুরুত্বপূর্ণ এলাকাগুলো আলোকিত রাখা সম্ভব।
তাদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত নষ্ট সোলার সড়কবাতিগুলো মেরামত ও পুনঃস্থাপনের উদ্যোগ নেবে বর্তমান সরকার।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম বলেন, ‘২০১৯ সালে এসব সোলার বাতি স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে বাতিগুলোর ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো আর সংস্কার করা সম্ভব হয়নি। পাশাপাশি সরকারি পর্যায় থেকে এগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য এখন পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ বা ছাড় দেওয়া হয়নি।
এছাড়া বিভিন্ন স্থানে সোলার বাতির যন্ত্রাংশ ও বাতি চুরির ঘটনাও ঘটেছে। ফলে দীর্ঘদিন ধরে অনেক বাতি অকেজো অবস্থায় রয়েছে। এগুলো সচল রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা জরুরি। তবে নতুন করে সোলার বাতি স্থাপনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছেন বলে তিনি জানান।’