নদী কেড়েছে বিদ্যালয়ের ভূমি, ঝড়ে উড়ে গেল টিনের ছাউনি
মাথার ওপর নেই ছাদ, চারপাশে নেই কোনো দেয়াল। একদিকে যানবাহন চলাচলের সড়ক, অন্যদিকে প্রচণ্ড রোদ। এর মধ্যেই মাটিতে বসে চলছে কোমলমতি শিশুদের পাঠদান। শ্রেণিকক্ষের পরিবর্তে কখনো সড়কের পাশে, কখনো খোলা আকাশের নিচে বই-খাতা নিয়ে বসতে হচ্ছে তাদের। কারণ, যমুনার ভাঙনে বিদ্যালয়ের স্থায়ী ঠিকানা হারানোর পর এবার ঝড়ে উড়ে গেছে অস্থায়ী টিনের ঘরটির অর্ধেক চালাও।
জানা যায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১০৭ বছরের পুরোনো চকরথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গত বুধবার রাতের প্রবল ঝড়ে বিদ্যালয়ের একমাত্র টিনের চালার অর্ধেক উড়ে যায়। পরদিন বৃহস্পতিবার খোলা আকাশের নিচেই পাঠদান করতে হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের। ফলে রোদে পুড়ে, নানা প্রতিকূলতা সহ্য করে পড়াশোনা করতে হচ্ছে ৭৩ শিক্ষার্থীকে।
১৯১৯ সালে প্রতিষ্ঠিত চকরথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একসময় এলাকার শিক্ষার অন্যতম ভরসা ছিল। এ বিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু ২০১৫ সাল থেকে যমুনা নদীর ভাঙন বিদ্যালয়টির অস্তিত্বের ওপর আঘাত হানতে শুরু করে। এ পর্যন্ত ছয়বার নদীভাঙনের শিকার হয়েছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ গত ১৭ মে নদীভাঙনে বিদ্যালয়টি আবারও ক্ষতিগ্রস্ত হয়।
এ পর্যন্ত বিদ্যালয়টি ৬ বার নদী ভাঙনের কবলে পরে। সর্বশেষ গত ১৭ মে বিদ্যালয়টি নদী ভাঙনের শিকার হয়। ফলে দিশেহারা হয়ে স্কুলের শিক্ষকরা চাঁদা তুলে হাটশেরপুর গ্রামের একটি রাস্তার উপর একচালা টিনের ঘর নির্মাণ করেন। তখন থেকেই রাস্তার উপরে খোলামেলা পরিবেশে স্কুলটির পাঠদান কার্যক্রম চলছে। শুরুতে স্কুলটির ছাত্রছাত্রী সংখ্যা ছিল ৫০০ এর কাছাকাছি।
বিদ্যালয়ের নিজস্ব জায়গা ও অবকাঠামো হারিয়ে দিশেহারা হয়ে পড়েন শিক্ষকরা। পরে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে হাটশেরপুর গ্রামের একটি সড়কের পাশে একচালা টিনের ঘর নির্মাণ করেন তাঁরা। সেই ঘরেই শুরু হয় পাঠদান। কিন্তু সেখানে ছিল না কোনো নির্দিষ্ট শ্রেণিকক্ষ, বেড়া, অফিস কক্ষ কিংবা শিক্ষকদের বসার জায়গা। ছিল না বিদ্যুৎ সংযোগ ও শৌচাগারের ব্যবস্থাও। বাথরুম ব্যবহারের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের যেতে হতো পাশের বাড়িতে। বৃষ্টি হলে ভিজে আর গরমে ঘেমে ক্লাস করতে হতো শিশুদের। এর মধ্যেই বুধবার রাতের ঝড় কেড়ে নিল মাথার ওপরের শেষ আশ্রয়টুকুও।
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে স্কুলে এসে তারা দেখে, ঝড়ে ঘরের এক পাশের চালা উড়ে গেছে। এরপর সারাদিন খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদের মধ্যে বসে ক্লাস করতে হয়েছে। তাদের দাবি, দ্রুত একটি সুন্দর ও নিরাপদ বিদ্যালয় ভবন তৈরি করে দেওয়া হোক, যাতে তারা স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘গত কয়েক মাস ধরে নানা সমস্যার মধ্য দিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছি। রাস্তার পাশে স্কুল হওয়ায় সব সময় মানুষ ও যানবাহন চলাচল করে। শিক্ষকদের বসার কোনো জায়গা নেই। বাথরুমের জন্য অন্যের বাড়িতে যেতে হয়। এতে নারী শিক্ষকদের বেশি সমস্যায় পড়তে হয়। এখন মাথার ওপরের টিনের চালাটিও ঝড়ে উড়ে গেছে। বৃহস্পতিবার খোলা আকাশের নিচেই ক্লাস নিতে হয়েছে।’
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহাতাবুর রহমান বলেন, বিদ্যালয়টি ইতিমধ্যে যমুনা নদীর পশ্চিম পারে স্থায়ী জায়গায় স্থানান্তর করা হয়েছে। সেখানে বন্যার পানি ওঠায় সাময়িকভাবে অন্য স্থানে পাঠদান করানো হচ্ছিল। বর্তমানে বন্যার পানি নেমে গেছে। আগামী সপ্তাহ থেকে নতুন স্থানে বিদ্যালয়ের পাঠদান শুরু করা হবে।
তবে প্রশাসনের এ আশ্বাস বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, এখন সেই অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের প্রত্যাশা, আর কোনো ঝড় কিংবা নদীভাঙনে নয়, এবার অন্তত একটি নিরাপদ শ্রেণিকক্ষেই ফিরবে শতবর্ষী বিদ্যালয়টির পাঠদান।