রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের টেকসই উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ ও সুশাসন প্রতিষ্ঠায় নারীর কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্বের কোনো বিকল্প নেই। শুধু প্রতিনিধিত্ব নিশ্চিত করলেই হবে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে এবং তাঁদের প্রকৃত ক্ষমতা দিতে হবে।


কনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের রানী ভবানী আনন্দ ভবনে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দুলু বলেন, নারীর ক্ষমতায়ন শুধু কর্মসংস্থান বা অর্থনৈতিক স্বাবলম্বিতার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও জাতীয় সংসদ পর্যন্ত সব পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণে নারীর কার্যকর ভূমিকা থাকতে হবে। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।


তিনি বলেন, নারী শিক্ষার প্রসার, নিরাপদ কর্মপরিবেশ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি এবং রাজনৈতিক নেতৃত্ব বিকাশে রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।


বিএনপির নারী উন্নয়ন ও ক্ষমতায়নের উদ্যোগ তুলে ধরে হুইপ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন। পরে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। বেগম খালেদা জিয়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছেন। পাশাপাশি মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক উদ্যোগ, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তার এবং তারেক রহমানের নতুন কর্মসূচির ধারাবাহিকতায় নারীর উন্নয়ন এগিয়ে যাচ্ছে।


দুলু বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাস্তবায়নের প্রতিফলন বিএনপির আগামী কাউন্সিলে দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকেরা এ বিষয়ে সচেষ্ট। এর ফলে বিএনপির সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন।


সংলাপে বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেতৃবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর ক্ষমতায়ন ও নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।