ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার দম্পতি
ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা অতিক্রম করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে তাঁরা এই অর্থ হাতিয়ে নেন বলে জানিয়েছে পুলিশ। টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলামের ইসলামী ব্যাংকের নওগাঁ শাখায় বিনিয়োগ হিসাব ছিল।
পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের নামে এক লাখ টাকা সীমার ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংক। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি অননুমোদিতভাবে অর্থ স্থানান্তর শুরু করেন। প্রথমে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করলেও পরে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত করা হয়। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ রয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় বাসার শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। আত্মসাৎ করা অর্থের প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। বাকি অর্থ দিয়ে বিলাসী জীবনযাপন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।