নিজের অস্ত্রেই এবার জব্দ হবে পাকিস্তান?
আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে বড় পদক্ষেপ বালোচ লিবারেশন আর্মির (বিএলএ)। সেনাবাহিনীতে বড়সড় পরিবর্তন এনেছে তারা। বিএলএ-তে নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ করা হয়েছে ক্যাপ্টেন রহমান গুলকে। যিনি আদতে পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন। এমনটাই জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে।
জানা গিয়েছে, সংগঠনের ভিতরে তিনি ‘উস্তাদ মুরিদ’ এবং ‘মুরিদ বালোচ’ নামেই পরিচিত । প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত, ইসলামাবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবার তাদের অস্ত্রেই জব্দ করতে চাইছে বিএলএ। পাক সেনার অন্দরমহলের সামরিক রণকৌশলকে কাজে লাগাতেই তাই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এই পদক্ষেপ।
নুশকির বাসিন্দা এবং প্রভাবশালী মেঙ্গল পরিবারে জন্ম রহমানের। একসময় পাকিস্তান সেনাবাহিনীর অফিসার পদে কর্মরত ছিলেন। পদমর্যাদা ছিল ১৯তম ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের একজন কমিশনড অফিসারের। পরবর্তীকালে সেই সেনাবাহিনী ত্যাগ করেই তিনি যোগ দেন বিএলএ-তে। বিচ্ছিন্নতাবাদীদের এই সেনাবাহিনীতে ধীরে ধীরে পৌঁছেছেন শীর্ষ পদে। কমান্ডার-ইন-চিফ হওয়ার আগে তিনি বিএলএ-র সেকেন্ড-ইন-কমান্ড পদে কর্মরত ছিলেন। সংগঠনের বিশেষ আত্মঘাতী শাখা ‘মাজিদ ব্রিগেড’-এর অপারেশনাল প্রশিক্ষকের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন তিনি।
গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, একজন পাক সেনার এই প্রাক্তন আধিকারিককে শীর্ষ পদে বসানোয় এখন বিএলএ-র হাতে পাক সামরিক বাহিনীর রণনীতি, রসদ সরবরাহ থেকে যুদ্ধ দমনের কৌশল এখন হাতের মুঠোয়। এখন যেহেতু উস্তাদ মুরিদ সামগ্রিক কমান্ডের দায়িত্বে তাই বালুচিস্তানে বিএলএ ভবিষ্যৎ রণনীতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছে আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলি।
উল্লেখ্য, ২০০০ সাল গঠিত হয় বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। এটি একটি ধর্মনিরপেক্ষ, জাতিগত-জাতীয়তাবাদী সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তানের বৃহত্তম ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথচ সবচেয়ে অনুন্নত অঞ্চল বালুচিস্তান। তাঁকে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য।
তথ্যসূত্র: আজকাল অনলাইন