মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাবি প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
রাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. আরিফুর রহমান।


এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল রয়েছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘খেলাধুলায় প্রতিযোগিতা ও উত্তেজনা থাকবে, তবে তা যেন কোনোভাবেই মাঠ থেকে গ্যালারি কিংবা গ্যালারি থেকে মাঠে ছড়িয়ে না পড়ে। অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ ও অতিথিদের যথাযথ সম্মান জানাতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সুন্দর উদ্বোধনের মতোই সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতার সমাপ্তি দেখতে চাই।’


তিনি আরও বলেন, ‘এই মাঠ একসময় বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান সাইদুর রহমান ডন, আশির দশকের দ্রুততম মানবী সুফিয়া খাতুন, অলিম্পিয়ান শিরীন ও সাফজয়ী ফুটবলার নার্গিসের মতো ক্রীড়াবিদদের পদচারণায় আলোকিত হয়েছে। তাঁদের ঐতিহ্য ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই।’


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, ‘খেলাধুলা তরুণ সমাজের সুস্থ শরীর গঠনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবে, তবে খেলোয়াড়দের খেলাকে খেলার মতো করেই দেখতে হবে। রেফারির সিদ্ধান্ত স্বাভাবিকভাবে মেনে নিয়ে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।’


তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজক হিসেবে চারটি খেলার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আরিফুর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত খেলোয়াড়, টিম ম্যানেজার ও কোচদের স্বাগত জানাই। প্রতিযোগিতার পুরো আয়োজন যেন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয় এবং সবাই সংযম ও শৃঙ্খলা বজায় রেখে খেলায় অংশগ্রহণ করেন, সেই প্রত্যাশা করছি।’