মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

পবায় জোয়াখালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ ০৯:০৮ অপরাহ্ন
পবায় জোয়াখালে অবৈধ বাঁধ, নিষিদ্ধ জাল ও অবকাঠামো আগুনে পুড়িয়ে ধ্বংস

রাজশাহীর পবা উপজেলার বাগধানীতে জোয়াখালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ চাষের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ ফুট নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি বাঁধ নির্মাণে ব্যবহৃত বাঁশের বেড়া ও অন্যান্য অবকাঠামোও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় বাসিন্দারা অংশ নেন।


অভিযান শেষে ইউএনও ইবনুল আবেদীন বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদীর একটি অংশে অবৈধভাবে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে মাছ চাষ বা মাছ ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ ছাড়া সেখানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল পাওয়া যায়। 


ইউএনও আরও বলেন, এ ঘটনায় মো. আলমগীর (২৭) নামে একজনকে ১ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। তিনি খালে বেড়া দেওয়ার জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


ইউএনও ইবনুল আবেদীন আরও বলেন, নদী, খাল-বিল দেশীয় ছোট মাছের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়াশ্রম। এসব জলাশয়ে অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা তৈরি করে মাছ আহরণ করা হলে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হয়। এতে একসময় দেশীয় মাছের সংকট আরও বাড়বে। দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে উপজেলা মৎস্য কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।