রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি পালন
লাইসেন্সে নির্ধারিত এলাকা বহাল রাখা, কাজীর সনদ প্রদান এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্র্নিধারণসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদের রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার অংশ নেন। পরে দুপুরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নিকাহ রেজিস্ট্রার ও কাজীরা ইসলামী মূল্যবোধ এবং প্রচলিত আইন অনুযায়ী মুসলমানদের বিবাহ ও তালাক সম্পাদন ও নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এ পেশার সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ও সমস্যার সমাধান হয়নি। ফলে পেশাগত দায়িত্ব পালনে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে তাঁদের।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত নির্ধারিত এলাকা বহাল রাখা এবং জনস্বার্থে কেবল শূন্য এলাকায় নতুন লাইসেন্স দেওয়া। ১৮৮০ সালের ‘দি কাজীস অ্যাক্ট’-এর অধীনে আগের মতো কাজীর সনদ প্রদান এবং ২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা সংশোধন করে লাইসেন্স ও ফি-সংক্রান্ত অসংগতি দূর করা।
এ ছাড়া বিবাহ ও তালাক নিবন্ধন ফি যুগোপযোগীভাবে পুনর্র্নিধারণ, নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি এক হাজার টাকা নির্ধারণ এবং বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে বর-কনের বয়সসংক্রান্ত বিধান যুগোপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।
কর্মসূচিতে সংগঠনের নেতাদের মধ্যে কাজী খায়বর হোসেন, কাজী জহুরুল আলম, কাজী হাবিবুর রহমান ও কাজী বাছারসহ জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।