মহাদেবপুরে মাদকের আসর থেকে ছাত্রলীগ নেতাসহ আটক ৩
নওগাঁর মহাদেবপুরে এক বহিষ্কৃত যুবদল নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ে বহিষ্কৃত যুবদল নেতা রুহুল আমিনের বাড়িসংলগ্ন একটি বয়লারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব (২৮), উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা রুহুল আমিন (৩৩) এবং তাঁদের সহযোগী ফাজিলপুর গ্রামের নাসির উদ্দিন (৫৮)। তনু কুমার দেবের বাড়ি উপজেলা সদরের গার্লস স্কুলপাড়ায়। তিনি মৃত প্রদীপ কুমার দেবের ছেলে। রুহুল আমিন দক্ষিণ হোসেনপুর বোয়ালমারি মোড়ের মৃত আবুল কালামের ছেলে। নাসির উদ্দিন ফাজিলপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজের আদালতে হাজির করা হয়। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা করা হয়।
মহাদেবপুর থানার এসআই শফিউল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া তনু কুমার দেবকে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতার মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর র্যাবের হাতে আটক হওয়ার পর রুহুল আমিনকে উপজেলা যুবদলের পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে নিজস্ব বয়লারে মাদক ও নারীর আসর বসানো, কথিত টর্চার সেল পরিচালনা, নারী-পুরুষকে আটকে রেখে মারধর এবং চাঁদা আদায়ের অভিযোগ ছিল। অন্যদিকে, তনু কুমার দেবের বিরুদ্ধে অতীতে রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।