নগরীতে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং দুজনকে মাদক সেবনের সময় গ্রেপ্তার করা হয়। অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও দুই বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ২৮ হাজার ৫৭০ টাকা জব্দ করেছে পুলিশ।
আরএমপি সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ নগরের বাজে কাজলা কড়াইতলা মোড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৬) ও তাঁর স্ত্রী রোজিনা খাতুন (৪০) পালিয়ে যান। পরে তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০০ গ্রাম গাঁজা ও নগদ ২১ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিহার থানায় চারটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহী মহানগর পুলিশ আইনে একটি নন-এফআইআর মামলা রয়েছে।
অন্যদিকে, ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন পশ্চিমপাড়া গ্রামের বিলকিস বেগমের (৪৫) বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলকিস পালিয়ে গেলেও তাঁর বাড়ি থেকে দলু বেগম ওরফে দোলোয়ারা (৬৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিলকিসের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিলকিস দীর্ঘদিন ধরে দোলোয়ারার সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ছাড়া ১৪ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ নগরের গৌরহাঙ্গা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। সেখানে গাঁজা সেবনের অভিযোগে মীর মোহাম্মদ পারভেজ আলী (৩০) ও মো. আসাদুজ্জামান ওরফে আশা (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মোহাম্মদ আলী ও বিলকিস বেগমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।