মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ডা. ইসমাইল হোসেনকে জামায়াত থেকে বহিষ্কার

শিবগঞ্জ প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ ০৯:১৮ অপরাহ্ন
ডা. ইসমাইল হোসেনকে জামায়াত থেকে বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে দলের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত করে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. ইসমাইল তাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠায় সাংগঠনিক সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে এবং এ সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


তবে ডা. ইসমাইল হোসেন তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করেছেন বলে উল্লেখ করেন। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।


এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকেও ডা. ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।


এদিকে, একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হাসপাতালটির মালিকানা নিয়ে বিরোধের জেরে দখলের আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। এর আগের দিন ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যান। এ ছাড়া হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগও তোলা হয়েছে ডা. ইসমাইলের বিরুদ্ধে।