শিবগঞ্জ সীমান্তে ১ কোটি ৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনসহ ট্রাক জব্দ, আটক চালক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ও পাথরবোঝাই ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের ভারতীয় চালককে আটক করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনের সংখ্যা ৩৬টি এবং ট্রাকে থাকা পাথরের পরিমাণ ৪০ টন।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় অভিযান চালানো হয়। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক আটক করা হয়। পরে ট্রাক ও পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক মোহাম্মদ জসিম উদ্দিন শেখ (২৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের মোহাম্মদ জমিন উদ্দিন শেখের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।