বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

মোহনপুরে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ৪ লাখ

মোহনপুর প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
মোহনপুরে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, জরিমানা ৪ লাখ

রাজশাহীর মোহনপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অপর একটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে কেশরহাট পৌরসভার মরগার বিলে একরামুলের মালিকানাধীন জে স্টার ব্রিকস এবং মৌগাছি ইউনিয়নের ধামিনপাড়া এলাকায় সোহাগের মালিকানাধীন বিআরবি ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে স্কেভেটর দিয়ে ভাটা দুটির কিলন ও ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ভেঙে ফেলা হয়।


এ ছাড়া কেশরহাট পৌরসভার মরগার বিলে আমজাদ হোসেনের মালিকানাধীন মেসার্স এএমএম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।


পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।


পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন।


অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এসআরবি-৫ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা সহযোগিতা করেন।


পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ১২০ ফুট স্থায়ী চিমনিবিশিষ্ট ইটভাটা ও কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতকারী অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।