বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, ১৯টি ককটেল, প্রায় দুই কেজি হেরোইন, ফেনসিডিল, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় আটক করা হয়েছে ১৬ জনকে।


চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।


জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, ১৯টি ককটেল, ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন, ২২৬ কেজি বিড়ির পাতা, ১৬৩ কেজি বিড়ির মসলা এবং ৫ হাজার ২৯৭ প্যাকেট বিড়ি।


এ ছাড়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৮৯ বোতল ফেনসিডিল, বিভিন্ন ধরনের ৫ হাজার ৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ১ কেজি ৯৬০ গ্রাম হেরোইন এবং ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট।


৫৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪ দশমিক ০৫ কিলোমিটার। এ সীমান্ত দিয়ে মাদক পাচার, অস্ত্র চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।


সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্য, অস্ত্র, বিস্ফোরক ও বোমা তৈরির উপকরণ পাচার, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সার পাচারের মতো অপরাধ প্রতিরোধেও কাজ করছে বিজিবি।


এসব অপরাধ দমনে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি চোরাচালান চক্র শনাক্তে বিশেষ গোয়েন্দা তৎপরতা চালানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।


বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধসংক্রান্ত সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা কাজ করে যাচ্ছেন। সীমান্ত সুরক্ষিত রাখা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।