ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মতবিনিময় সভা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সিসিবিভিওর আয়োজনে এবং জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহযোগিতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার এবং নৃ-গোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে করণীয় নির্ধারণ ছিল সভার মূল লক্ষ্য।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন শিউং রাওঁ। সভাপতিত্ব করেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার।
এ সময় উপস্থিত ছিলেন কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু, প্রশিক্ষণ কর্মকর্তা মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক বার্তার প্রতিনিধি মো. ফজলুল করিম বাবলু, সাংস্কৃতিক কর্মী ও সাবেক প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলী, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুস্তাফিজুর রহমান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু। সঞ্চালনা করেন সংস্থাটির ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম।
সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ, চর্চা ও বিকাশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।