বাঘায় কৃষকদের মাঝে বীজ-সার ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ
রাজশাহীর বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কর্মসূচি উদ্বোধন করা হয়।
সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. এ. মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তকী ফয়সাল তালুকদার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘার আয়োজনে রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি রবি ফসলের আবাদ বাড়াতে সহায়তা করা হবে।
অন্যদিকে, সকাল সাড়ে ১১টায় বাঘা পৌরসভা হলরুমে নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বাঘা পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। এতে সভাপতিত্ব করেন বাঘা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক তকী ফয়সাল তালুকদার
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পৌর এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।