বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

পুঠিয়ায় ১৫ কোটি ৮১ লাখ টাকার সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পুঠিয়া প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
পুঠিয়ায় ১৫ কোটি ৮১ লাখ টাকার সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর জিসি (স্লুইসগেট) থেকে নলডাঙ্গা জিসি পর্যন্ত সড়কের উন্নয়নকাজ শুরু হচ্ছে। ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা চুক্তিমূল্যে ৭ দশমিক ৯৫৩ কিলোমিটার সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।


বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তাহেরপুর ব্রিজসংলগ্ন মোড়ে সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।


দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাহেরপুর, সাধনপুর, নলডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়কে চলাচল করতে গিয়ে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যেত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতে ভোগান্তিতে পড়তে হতো স্থানীয়দের।


এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি সংস্কারের। অবশেষে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।


স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘২০ বছর পর হলেও আমাদের কষ্টের কথা কেউ শুনেছেন। রাস্তাটি হলে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়া অনেক সহজ হবে।’


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, ভোটের আগে এলাকাবাসীকে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়কটির কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াতের সময় ও দুর্ভোগ কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার রহমান ভুট্টো, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।