রাণীনগরে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা
সারা দেশে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে প্রতিবাদ ও মতবিনিময় সভা করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার ৫ নম্বর বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকলেছুর রহমান বাবু, সহসভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এইচএম নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, সদস্য এসএম আল ফারুক জেমস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশীসহ কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে কাজ করছেন।
তিনি বলেন, কোনো ধরনের নৈরাজ্যকে ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ জন্য দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকতে হবে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষক কার্ড ও অসচ্ছল নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। পাশাপাশি নাশকতা, চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি গুজবে কান না দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।#