শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফলন ভালো, দাম নেই; বাঁধাকপি গরুর খাবার করছেন কৃষক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ ০১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ ০১:০০ অপরাহ্ন
ফলন ভালো, দাম নেই; বাঁধাকপি গরুর খাবার করছেন কৃষক

দিনাজপুরের ফুলবাড়ীতে বাঁধাকপির বাম্পার ফলন হলেও দাম পাচ্ছেন না কৃষকরা। মাঠে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়। অথচ খুচরা বাজারে সেই কপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক কৃষক জমির বাঁধাকপি কেটে গবাদিপশুকে খাওয়াচ্ছেন। এতে লাভের আশায় চাষ করে এখন লোকসানের মুখে পড়েছেন তাঁরা।


কৃষকদের অভিযোগ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ উৎপাদনের সব খরচ বেড়েছে। কিন্তু বাজারে বাঁধাকপির দাম ক্রমাগত কমছে। অন্যদিকে কৃষকের কাছ থেকে কম দামে কেনা সবজি খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। এতে কৃষক ও ভোক্তা—কেউই সরাসরি লাভবান হচ্ছেন না। কৃষি বিভাগের মতে, একসঙ্গে বিপুল পরিমাণ সবজি বাজারে ওঠায় এবং সংরক্ষণ ব্যবস্থার অভাবে দাম কমেছে।


শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী পৌর এলাকার পাইকারি সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকায়। অথচ নভেম্বরের শুরুতে এই বাজারে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকায়। ১৫ নভেম্বর দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, ১৭ নভেম্বর ২৫ থেকে ২৮ টাকা, ২০ নভেম্বর ১৫ থেকে ১৭ টাকা এবং ২৫ নভেম্বর ৭ থেকে ৮ টাকা। কয়েক সপ্তাহের ব্যবধানে বাঁধাকপির দাম নেমে এসেছে অর্ধেকেরও নিচে।


বুজরুক সমসেরনগর গ্রামের বাঁধাকপি চাষি জাহাঙ্গীর আলম ও আবু বক্কর জানান, গত বছরের তুলনায় এবার বাঁধাকপি চাষে বিঘাপ্রতি খরচ বেড়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সব খাতেই ব্যয় বেশি হয়েছে। অথচ উৎপাদিত কপি বাজারে এনে বিক্রি করতে হচ্ছে পানির দামে। এতে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।


উপজেলার দক্ষিণ কৃষ্টপুর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান দেড় বিঘা জমিতে নিনজা জাতের বাঁধাকপি চাষ করেছেন। তিনি বলেন, চারা, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ তাঁর খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু মাঠে আকার ও মানভেদে প্রতি কেজি কপি ৫ থেকে ৭ টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। এ পর্যন্ত ২৫ থেকে ২৭ হাজার টাকার কপি বিক্রি করেছেন। বাকি কপি জমি খালি করার জন্য কেটে গবাদিপশুকে খাওয়াচ্ছেন।


পলিপাড়া গ্রামের সবজি চাষি মানিক চন্দ্র বলেন, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বেড়েছে। অথচ উৎপাদিত সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না তাঁরা। মাঠে কৃষকের কাছ থেকে কম দামে কেনা সবজি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।


কৃষকরা উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও বিপণনব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, কৃষক ও ভোক্তার মধ্যকার দামের ব্যবধান কমানো গেলে উভয় পক্ষই উপকৃত হবেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ বছর ফুলবাড়ী উপজেলায় ৪২০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭০০ মেট্রিক টন। একসঙ্গে বিপুল পরিমাণ বাঁধাকপি বাজারে আসায় দাম কিছুটা কমেছে। তবে ধীরে ধীরে বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।