সৌরবিদ্যুৎ ও ডিজিটাল সেচ ব্যবস্থায় এগোচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ
সৌরবিদ্যুৎ, নেট মিটারিং ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে সেচ ব্যবস্থাকে আরও সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব করতে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এরই অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৭ হাজার গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকের সেচ খরচ কমার পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর মৌজায় সৌরশক্তিচালিত গভীর নলকূপ এবং জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন ও নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান।
পরিদর্শনকালে তারা সৌরবিদ্যুৎ উৎপাদন, সেচযন্ত্র পরিচালনা, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ এবং কৃষকদের সেবার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় বিএমডিএর চেয়ারম্যান হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এ অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নের সঙ্গে বিএমডিএর কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। তাই কৃষকের সেচসুবিধা নিশ্চিত করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবহার, জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়ন এবং সেচব্যবস্থাকে আধুনিক ও সাশ্রয়ী করতে প্রায় ১৭ হাজার গভীর নলকূপ সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। আগামী এক বছরের মধ্যে এসব গভীর নলকূপ পর্যায়ক্রমে সৌরবিদ্যুতে রূপান্তর করা সম্ভব হলে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এতে কৃষকের সেচ খরচ কমবে, সেবার মান বাড়বে এবং কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
বিএমডিএর চেয়ারম্যান আরও বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সেচযন্ত্র পরিচালনার চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে একদিকে বিএমডিএর বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের সরবরাহ বাড়বে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে দুই থেকে তিন দফা বৈঠক ও আলোচনা হয়েছে।
বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের সেচ অবকাঠামোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে বিএমডিএর আওতায় প্রায় ১৭ হাজার সেচযন্ত্র চালু রয়েছে। এসব সেচযন্ত্র পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, ইতিমধ্যে প্রায় ৬৯২টি সেচযন্ত্রে সৌরায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ২৫৩টি সেচযন্ত্রে নেট মিটারিং ব্যবস্থা চালু করা হয়েছে। এ ছাড়া স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচব্যবস্থাকে আরও আধুনিক করে ক্যাশলেস ও কার্ডলেস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে সেচযন্ত্রের কার্যক্রম, বিদ্যুৎ ব্যবহার, সৌরবিদ্যুৎ উৎপাদন ও রাজস্ব আদায় পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে।
বিএমডিএ সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছর থেকে চালু হওয়া স্মার্ট কার্ডভিত্তিক প্রি-পেইড সেচব্যবস্থার আওতায় ইতিমধ্যে প্রায় ছয় লাখ স্মার্ট কার্ড কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে প্রায় ৯০০ জন ডিলার ও ৭৮টি ভেন্ডিং স্টেশনের মাধ্যমে কৃষকেরা সেচের অর্থ রিচার্জ করতে পারছেন। নতুন প্রযুক্তি যুক্ত করে এ ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রান্সফরমার চুরি প্রতিরোধে পর্যায়ক্রমে ১০ হাজার সেচযন্ত্রে আধুনিক ট্রান্সফরমার গার্ড স্থাপনের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে বিএমডিএর নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ সরকারসহ স্থানীয় কৃষক, ডিপ অপারেটর এবং সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিএমডিএর কর্মকর্তারা মনে করছেন, সৌরবিদ্যুৎ, নেট মিটারিং ও ডিজিটাল সেচ ব্যবস্থাপনার সম্প্রসারণের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি জ্বালানি সাশ্রয়, নিরবচ্ছিন্ন সেচসেবা এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ বাড়বে।#