রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার ২, পরিবারের দাবি জুলাই আন্দোলনে ছিলেন তারা

নিজস্ব প্রতিবেদক ২৮ নভেম্বর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ নভেম্বর ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেফতার ২, পরিবারের দাবি জুলাই আন্দোলনে ছিলেন তারা

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পরিবারের দাবি, গ্রেফতার দুজনই ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন আন্দোলনের কর্মসূচিতেও তাদের অংশগ্রহণের ছবি রয়েছে। তবে সম্প্রতি বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেফতার দুজন হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাতের বাড়ি গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লায়। সাইফের বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়। তিনি গোদাগাড়ীতে তার নানার বাড়িতে থাকেন।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গোদাগাড়ী থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


পরিবারের পক্ষ থেকে পাওয়া একটি ছবিতে দেখা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে ‘দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ’ লেখা একটি ফেস্টুনের সামনে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শাহামাত ও সাইফ। তাদের পরিবারের দাবি, ওই দিন তারা সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।


পুলিশের ভাষ্য, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে করে চার যুবক গোদাগাড়ী সদরের দিক থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পৌরসভার সামনে যান। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুজন পালিয়ে যান। অন্য মোটরসাইকেলে থাকা দুই যুবক থানার সামনের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। সেখান থেকে তাদের আটক করা হয়।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক ও গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দলটির চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান বলেন, শাহামাত ও সাইফ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। গোদাগাড়ীর আরেকজন জুলাই যোদ্ধা তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। তবে গ্রেফতারের ঘটনার বিস্তারিত তিনি জানেন না। এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।


শাহামাত সাদিকের বাবা সাদিকুল ইসলাম একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, তার ছেলে ও সাইফ দুজনই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় তারা গোদাগাড়ীতে সামনের সারিতে ছিলেন।


সাদিকুল ইসলামের অভিযোগ, থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় কাউকে না কাউকে গ্রেফতার দেখানোর প্রয়োজন থেকে তার ছেলেসহ দুজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথমে তাকে জানান, ওই দুই যুবক থানার সামনের চায়ের দোকানে বসে মদ পান করছিলেন। তার প্রশ্ন, মদ পানের অভিযোগ থাকলে সে অভিযোগে মামলা না দিয়ে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার দেখানো হলো কেন?


ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে সাদিকুল ইসলাম বলেন, তার ছেলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। পড়াশোনার ব্যস্ততার কারণে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াননি। তাদের পরিবারও রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। তার ছেলের ছাত্রলীগ করার প্রশ্নই ওঠে না।


এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, গ্রেফতার দুজন জুলাই আন্দোলনে ছিলেন কি না, তা তার জানা নেই। দুটি মোটরসাইকেলে চার যুবক স্লোগান দিতে দিতে যাচ্ছিলেন। তাদের মধ্যে দুজন পালিয়ে গেলেও অন্য দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কোনো ভুল হয়নি বলে দাবি করেন তিনি।