আদমদীঘিতে প্লাস্টিকের দাপটে হারিয়ে যাচ্ছে বাঁশশিল্প, দুর্দিনে ৫০ কারিগর পরিবার
প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহারের কারণে বগুড়ার আদমদীঘিতে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প। একসময় গ্রামবাংলার মানুষের নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী তৈরি হতো বাঁশ দিয়ে। কিন্তু সময়ের পরিবর্তন, বাঁশের দাম বৃদ্ধি ও তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় এ পেশা ছেড়ে অন্য কাজে ঝুঁকছেন অনেক কারিগর।
উপজেলার সান্দিড়া, ছাতিয়ানগ্রাম, নইকুল, জিনইর, তেঁতুলিয়া, বশিকোড়া, বন্তইর ও বরিয়াবার্তাসহ প্রায় ১৫টি গ্রামের ৫০টি পরিবারের নারী-পুরুষ এ শিল্পের সঙ্গে জড়িত। অভাব-অনটনের মধ্যেও তাঁরা বাপ-দাদার পেশা ধরে রাখার চেষ্টা করছেন। সংসারের কাজের পাশাপাশি নারীরাও বাঁশের সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করছেন।
একসময় বাঁশ দিয়ে তৈরি দোলনা, পাখা, ঝাড়ু, টোপা, ডালা, চালন, ডালি, কুলা, গরু-মহিষের গমাই ও মইসহ নানা সামগ্রীর ব্যাপক চাহিদা ছিল। মাটির ঘরের চালা, তীর ও বেড়া তৈরিতেও বাঁশের ব্যবহার ছিল উল্লেখযোগ্য। কিন্তু বর্তমানে এসব সামগ্রীর জায়গা দখল করেছে প্লাস্টিক ও অন্যান্য আধুনিক পণ্য।
কারিগরদের ভাষ্য, আগে যে বাঁশ ৮০ থেকে ১০০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। অথচ সেই অনুপাতে বাড়েনি বাঁশের তৈরি পণ্যের দাম। ফলে উৎপাদন খরচ মিটিয়ে লাভ করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বাঁশঝাড় কমে যাওয়ায় কাঁচামালের সংকটও বাড়ছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের হাটে বাঁশশিল্পের সঙ্গে জড়িত দুলাল বসাক, গোপাল চন্দ্র, আব্দুল মজিদ ও আব্দুল জলিলের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে এ পেশায় থাকলেও এখন সংসার চালানো কঠিন। ধারদেনা এবং বিভিন্ন সমিতি থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে কোনোভাবে বাপ-দাদার পেশা টিকিয়ে রেখেছেন।
তাঁদের দাবি, সরকার স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করলে বাঁশশিল্পের কারিগরেরা ঘুরে দাঁড়াতে পারবেন। একই সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী এ শিল্প রক্ষায় সরকারি সহায়তা প্রয়োজন।