পুঠিয়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সাজ্জাদ হোসেন তন্ময় (নাম) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সাদেক আলীর ছেলে তন্ময়ের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তন্ময় গতকাল পাশের ধোপাপাড়া এলাকায় একটি ইসলামী জলসা শুনে রাতে বাড়ি ফেরেন। এরপর খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে তাঁর বাবা নামাজের জন্য ডাকতে গিয়ে শয়নকক্ষে ছেলেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় তাঁকে নামানো হলে মৃত অবস্থায় পাওয়া যায়।
তন্ময়ের মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তাঁদের দাবি, পরিবারের সবার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল। বাড়িতেও কারও সঙ্গে কোনো বিরোধ বা ঝগড়া হয়নি।
তন্ময়ের বাবা সাদেক আলী বলেন, তাঁর ছেলে সিঙ্গাপুরে থাকতেন। সেখানে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসেন। এর আগে তাঁর মাথায় সমস্যা ছিল। এ কারণে কয়েকবার চিকিৎসাও করানো হয়েছে। তবে শুক্রবার রাতে জলসা শুনে বাড়ি ফিরে খাওয়াদাওয়া করে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তন্ময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।