মিছিল ও নাশকতার পৃথক মামলায় নগরীতে আ’লীগের চার কর্মী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজপাড়া থানা এলাকার বুলনপুরের মো. জীবন (২৫), বোয়ালিয়া থানা এলাকার হেতেম খাঁ কারিগরপাড়ার মো. আমিরুল হোসেন ওরফে জুয়েল (৫৩), একই এলাকার সবজিপাড়ার মো. মহিউদ্দিন শেখ ওরফে মহিন (৩৩) এবং চন্দ্রিমা থানা এলাকার জামালপুরের মো. সালাউদ্দিন ওরফে শামীম (৪১)।
পুলিশ জানায়, জীবন গত ২৬ নভেম্বর সকালে নগরের লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিলে অংশ নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
অন্যদিকে, গত ৭ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে জুয়েল ও মহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া গত ১০ নভেম্বর চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সালাউদ্দিন ওরফে শামীমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এসব ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।