দুর্গাপুরে আলু-পেঁয়াজ চাষে সারের সংকটের অভিযোগ
রাজশাহীর দুর্গাপুরে চলতি মৌসুমে সারসংকটের মধ্যেই আলু ও পেঁয়াজ চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। প্রয়োজনীয় সময়ে চাহিদামতো সার না পাওয়ায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন এসব ফসলের চাষিরা। অনেক কৃষক এখনো জমিতে নামতে পারেননি। বিভিন্ন ডিলার পয়েন্ট ও দোকানে ঘুরেও মিলছে না প্রয়োজনীয় সার। কোথাও সার পাওয়া গেলেও বেশি দাম চাওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। এতে একদিকে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে উৎপাদন খরচ ও লোকসানের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
কৃষকদের অভিযোগ, একশ্রেণির অসাধু সার ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়েও অনেক ক্ষেত্রে সার পাওয়া যাচ্ছে না। অথচ কৃষি বিভাগ বলছে, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষি বিভাগের এমন বক্তব্যের সঙ্গে বাস্তব বাজার পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন না কৃষকেরা।
এ পরিস্থিতির জন্য বাজার তদারকির দুর্বলতাকেও দায়ী করছেন তাঁরা। অনেক কৃষকের অভিযোগ, ডিলাররা রাতের আঁধারে সার এনে তা গোপনে বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। ফলে খুচরা দোকানে বেশি দাম দিলেই কেবল চাহিদামতো সার মিলছে। এ কারণে প্রতিটি ডিলার পয়েন্টে সার বিতরণের সময় উপজেলা প্রশাসনের একজন প্রতিনিধিকে উপস্থিত রাখার দাবি জানিয়েছেন কৃষকেরা।
পেঁয়াজচাষি আলামিন বলেন, ‘চলতি মৌসুমে পেঁয়াজ চাষের প্রস্তুতি নিয়েও সারের অভাবে এখনো জমিতে নামতে পারছি না। বিভিন্ন দোকানে ঘুরেও চাহিদামতো সার পাচ্ছি না। পেঁয়াজ চাষে টিএসপি সারের বেশি প্রয়োজন। কোথাও সার পাওয়া গেলেও বেশি দাম চাওয়া হচ্ছে। সময়মতো জমিতে সার প্রয়োগ করে চাষাবাদ শুরু করতে না পারলে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’
আলুচাষি রফিকুল ইসলাম বলেন, ‘এমনিতেই গত কয়েক বছর ধরে আলুর ন্যায্যমূল্য পাচ্ছি না। লোকসানের কারণে আলু চাষের প্রতি আগ্রহও অনেকটা হারিয়ে ফেলেছি। তারপরও এবার ভালো দাম পাওয়ার আশায় নতুন করে আলু চাষের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু ঠিক যখন জমিতে আলু চাষের জন্য মাঠে নামতে যাচ্ছি, তখনই সারের সংকট দেখা দিয়েছে। চাহিদামতো সার না পেলে কীভাবে আবাদ করব, বুঝতে পারছি না। একদিকে আলুর দাম নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে সারসংকট—সব মিলিয়ে আমরা কৃষকেরা চরম দুশ্চিন্তায় রয়েছি।’
অন্যান্য কৃষকেরা জানান, আলু ও পেঁয়াজ চাষে জমি প্রস্তুত থেকে শুরু করে ফসলের বিভিন্ন পর্যায়ে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সার প্রয়োগ করা না গেলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন। কিন্তু চলতি মৌসুমে সার সংগ্রহ করতে গিয়ে তাঁদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক কৃষক এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন। কেউ কেউ বেশি দাম দিয়েও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। এতে চাষাবাদের সময় পেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দুর্গাপুরে ১ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আলু এবং ৩ হাজার ৬৯১ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা সামনে রেখে কৃষকেরা জমি প্রস্তুত ও চাষাবাদের কার্যক্রম শুরু করেছেন। তবে সার নিয়ে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট চাষিরা।
কৃষকদের দাবি, শুধু পর্যাপ্ত সার মজুত থাকার কথা বললেই হবে না, বাজারে তাঁরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে হবে। সার বিক্রির দোকানগুলোতে নিয়মিত অভিযান ও বাজার তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি এবং সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, ‘বর্তমানে এ উপজেলায় সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। চলতি মৌসুমে কৃষকেরা নির্বিঘ্নে আলু, পেঁয়াজ, সরিষাসহ সব ধরনের ফসলের আবাদ করতে পারবেন। আলু ও পেঁয়াজ চাষের বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছে কৃষি বিভাগ।’