শনিবার, আগস্ট ২২, ২০২৬

মহিষ চুরি ঠেকাতে জীবন দিলেন ঈশ্বরদীর রেলওয়ের গেটকিপার পিন্টু

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ন
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ন
মহিষ চুরি ঠেকাতে জীবন দিলেন ঈশ্বরদীর রেলওয়ের গেটকিপার পিন্টু
মহিষ চুরি ঠেকাতে জীবন দিলেন ঈশ্বরদীর রেলওয়ের গেটকিপার পিন্টু


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে সংঘবদ্ধ চোর দলের কবল থেকে মহিষ চুরি ঠেকাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান পিন্টু (৪৫) নামের রেলওয়ের একজন গেটকিপার। টানা ৯ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার রাতে তিনি মারা যান।

নিহত পিন্টু উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত নুর সালাম সরদারের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া রেলওয়ে গেটের গেটকিপার হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, গত ৯ নভেম্বর ভোরে দাশুড়িয়া রেলগেটে দায়িত্ব পালন করার সময় সেখানে স্থানীয় মনির উদ্দিনের গোয়ালঘর থেকে কয়েকজন চোর একটি মহিষ চুরি করে এনে রেলগেট এলাকার কাছে দাঁড়ানো একটি পিকআপে তোলার চেষ্টা করছিল।

এসয় চোরের কবল থেকে মহিষটি উদ্ধার করার সময় পিন্টু বাধা দিলে চোরদল তাকে মারপিট করার এক পর্যায়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। তার চিৎকারে মহিষ ফেলে চোররা পিকআপ নিয়ে পালিয়ে গেলেও পিন্টু লুটিয়ে পড়েন মাটিতে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালনকালে এমন মৃত্যু খুবই দুঃখজনক। গতকাল মঙ্গলবার উপজেলার লক্ষ্মীকুন্ডার কৈকুন্ডা গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।