শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে রাতভর তাণ্ডব, আগুন ও বালু ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা

WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৪:২১ অপরাহ্ন
WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৪:২১ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে রাতভর একাধিক স্থানে গাছ কেটে, আগুন জ্বালিয়ে এবং ট্রাক ভর্তি বালু ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা চালানো হয়েছে। রোববার মধ্যরাত থেকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া এলাকায় রোববার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ট্রাক ভর্তি বালু ফেলে মহাসড়ক অবরোধ করে একদল দুর্বৃত্ত্বরা। এসময় ঢাকা-বগুড়া-পাবনা এবং রাজশাহী অভিমুখী ও ঢাকা, বগুড়া ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কুষ্টিয়া ও বিভিন্ন রুটের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অপর দিকে একই মহাসড়কের সরইকান্দি এলাকায় মহাসড়কের পাশের গাছ কেটে এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করা হয়।
খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং বালু ও গাছ অপসারন করে যান চলাচল স্বাভাবিক করেন। এ বিষয়ে রূপপুর মর্ডান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিব বিশ্বাস জানান, বালু ফেলে মহাসড়ক অবরোধের খবর আমরা জানতে পারি রাত পৌঁনে তিনটার দিকে। আমরা তখন থেকেই ঈশ্বরদী থানা পুলিশ, পাকশী হাইওয়ে থানা পুলিশ ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক সহযোগীতায় মহাসড়ক থেকে বালু অপসারণ করি। এতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টারও বেশি। এসময়ের মধ্যে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

ওই এলাকার বাসিন্দা ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক বলেন, গভীর রাতে মুঠোফোনে সহকর্মীদের মাধ্যমে জানতে পারি দাশুড়িয়া-ঢাকা মহাসড়কের সড়াইকান্দি এলাকার কোবাদ ফিলিং স্টেশনের অদুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহাসড়কে আগুন দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করি। আমরা প্রশাসনকে সহযোগীতা করি।

এ ঘটনায় আতাউল্লাহ নামের এক জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর। ঘটনাস্থল থেকে পাকশী হাইওয়ে থানার ওসি ইজাজ আহম্মেদ বলেন, শার্ট ডাউন কে কেন্দ্র করে একদল দুস্কৃতিকারীরা ট্রাক ভর্তি বালু ফেলে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঈশ্বরদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা কাজ করে বালু অপসারন করার পর যান চলাচল স্বাভাবিক হয়। ঈশ্বরদী থানার ওসি আব্দুন নূর জানান, পুলিশ বাদী হয়ে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে নেমেছে।