শনিবার, আগস্ট ২২, ২০২৬

নানা বাড়ির পাশে বাগানে পড়েছিল শিশু হাফসা’র মরদেহ; আটক ২

WP Import ১৬ নভেম্বর ২০২৫ ০২:১০ অপরাহ্ন
WP Import ১৬ নভেম্বর ২০২৫ ০২:১০ অপরাহ্ন
নানা বাড়ির পাশে বাগানে পড়েছিল শিশু হাফসা’র মরদেহ; আটক ২
নানা বাড়ির পাশে বাগানে পড়েছিল শিশু হাফসা’র মরদেহ; আটক ২

নিহত শিশু হাফসা। ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি :


বাবা প্রবাসে থাকায় নানা মল্লিক সরদারের বাড়িতে থেকে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করতো ৯ বছরের শিশু হাফসা। যে বাড়িটি শিশুর হাসিতে ছিল হাস্যোজ্জ্বল, সেই বাড়িতে আজ শোকে নিস্তব্ধতা নেমে এসেছে। কারণ শিশু হাফসা আর নেই। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত দশটার দিকে পাবনা পৌর সদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় নানা বাড়ির পাশে বাগান থেকে শিশু হাফসা’র মরদেহ উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু হাফসাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রমজান আলী (২৮) ও সাব্বির হোসেন (২৫) নামের দুইজনকে আটক করা হয়েছে।

নিহত হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
হাফসা’র নানা মল্লিক সরদার জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে শিশু হাফসা কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে বাড়ির পেছনের জঙ্গলের ভেতর, সুতার মিলের পেছনে, পাটিতে মোড়ানো কাদা মাখানো মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

হাফসার নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাস্থল ছিল বলে জানায় স্থানীয়রা। তারা এ হত্যার সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, প্রাথমিক ধারণা, কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে বাগানে ফেলে রেখে যায়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে। রোববার পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
#