ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে বিএনপি কর্মীকে মারধর ও জামায়াতের মহিলা কর্মীকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ, নারী বিভাগ সংবাদ সম্মেলন এবং একই ইউনিয়নের সলিমপুর ডিগ্রি কলেজের সামনে বিএনপি পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে পাল্টাপাল্টি অভিযোগ করে।
জামায়াতের বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, শুরা সদস্য ডা. মনসুর রহমান প্রমুখ। অপরদিকে সলিমপুর ডিগ্রি কলেজের সামনে ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, সলিমপুর ইউপি সদস্য স্বপন আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মহিদুল ইসলাম সরদার প্রমুখ।
পরে কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা জয়নগর শিমুলতলা বাজারে পথসভা করে। এসময় উপজেলা তাঁতি দলের সভাপতি নাফিজ আহমেদ আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিপুল মন্ডল বুদু, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রতিবাদ সভায় জামায়াতের নেতাকর্মীরা দাবি করেন আহত শামীম মহলদার যুবলীগের কর্মী ছিলেন, এখন তাকে বিএনপি কর্মী পরিচয় দেওয়া হচ্ছে। গণসংযোগে জামায়াতের মহিলা কর্মীদের উপর আশালীন আচরণ করা হয়েছে বলে উল্লেখ করে ‘ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমরাও পাল্টা হামলা করবো’ বলে হুশিয়ারী উচ্চারন করেন জামায়াতে ইসলামীর নেতারা। উপজেলা মহিলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খালেদা রহমান পৃথক সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবারের ঘটনা জন্য শামিম মহলদারকে দায়ি করে বক্তব্য দেন।
অপরদিকে বিএনপির বিক্ষোভ ও পথসভায় বিএনপির নেতাকর্মীরা বলেন, শামীম মহলদার বিএনপির সক্রিয় কর্মী। তাকে আওয়ামী যুবলীগের ট্যাগ দিয়ে মারধর ও তার বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে জামায়াতের নেতাকর্মীরা। ঘটনাটি ন্যাক্কারজনক। ভোট চাওয়ার নাম করে কেউ ভোটার আইডি কার্ডের ফটোকপি চাইতে পারে না। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জামায়াতে ইসলামীকে দাঁত ভাঙ্গা জবাব দেবে বিএনপি। কর্মসূচিতে উভয় দলের নেতৃবৃন্দরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি করেন।