ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি কাটার দন্ড ৫০ হাজার টাকা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে পদ্মা নদীর ঘাট এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে মো. জাহিদুল ইসলাম সুজন নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের আকাতের ঘাট এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে তার নিকট থেকে এই জরিমানার অর্থ আদায় করা হয়।
সুজন উপজেলার সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সনের ১৫ ধারা অনুযায়ী আসামী জাহিদুল ইসলাম সুজনকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।