শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে বিএনপি কর্মীর বাড়িতে জামায়াতের হামলা-ভাঙচুর

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৫ অপরাহ্ন
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে বিএনপি কর্মীর বাড়িতে জামায়াতের হামলা-ভাঙচুর
ঈশ্বরদীতে বিএনপি কর্মীর বাড়িতে জামায়াতের হামলা-ভাঙচুর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলকে দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট প্রদান করতে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছিলেন জামায়াতের নারী কর্মীরা। এই গণসংযোগের সময় শামীম মহদলদার (৫০) নামে বিএনপির এক কর্মীর বাড়িতে ভোট চাওয়াকে কেন্দ্র করে শামীম মহলদারসহ ওই বাড়ির কয়েকজন নারীকে মারপিট, বসতবাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মহলদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শামীম মহলদার ওই গ্রামের মৃত সবুর মহলদারের ছেলে এবং বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সমর্থক।

আহত শামীম মহলদারের স্ত্রী দিনা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কয়েকজন নারী কর্মীরা আমাদের বাড়িতে এসে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার কথা বলে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি চান। আমরা আমাদের বাড়ির কারো ভোটার আইডি কার্ডের ফটোকপি তাদের দিতে অসম্মতি জানালে তারা আমাদের প্রতি অশ্লিল ও আজে বাজে ইঙ্গিত দিয়ে কথা বলেন। এসময় ‘ভোটার আইডি কার্ড কেন দিতে হবে?’ আমার স্বামী শামীম মহলদার তাদের প্রতি এমন প্রশ্ন করলে ওই নারীরা দ্রুত সটকে পড়েন। এর কিছুক্ষণ পরেই ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি সানাউল্লাহ, জামায়াতের সদস্য সেন্টু ফকির ও জামায়াত কর্মী জিয়াউর রহমানসহ ২০-২৫ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।

বাড়ির নারীদেরসহ আমার স্বামী শামীম মহালদারকে তারা এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। লাঠির আঘাতে তার মাথা ফেটে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরপরই আহত বিএনপি কর্মীর বাড়িতে যান বিএনপি নেতা নূর মোহাম্মদ রতন, বুদু সরদার, নাফিজ আহম্মেদ আরিফ, এনামুল হক, ওমর শরীফ হানিফসহ অন্যরা। ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক পলাশ ফকির জানান, আমরা তাৎক্ষনিকভাবে জমায়েত হয়ে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছি। ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রশাসনিক এবং সাংগঠনিকভাবে ব্যবস্থা না নিলে বিএনপি নেতাকর্মীরা এ ঘটনার উচিৎ জবাব দেবে। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ড. নুরুজ্জামান প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের দলীয় মহিলা কর্মীরা দাঁড়ি পাল্লায় ভোট চেয়ে জনসংযোগের সময় শামীম মহলদারের বাড়িতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। নারীরা অপমানিত হয়ে দলের স্থানীয় নেতাদের খবর দেয়। খবর পেয়ে আমাদের দলের স্থানীয় নেতাকর্মীরা শামীম ও তার পরিবারের লোকজনকে মারপিট করে বলে শুনেছি। তবে আমি বাহিরে আছি, এর চেয়ে বেশি কিছু জানিনা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুর নূর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।