শনিবার, আগস্ট ২২, ২০২৬

তানোরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

WP Import ১৮ অক্টোবর ২০২৫ ০২:৫৫ অপরাহ্ন
WP Import ১৮ অক্টোবর ২০২৫ ০২:৫৫ অপরাহ্ন
তানোরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
তানোরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


সংবাদ বিজ্ঞপ্তি :


স্থানীয় খেলাধুলাগুলো ক্রীড়া অঙ্গণের প্রাণ। কেননা স্থানীয় খেলাধুলাগুলো তরুণ সমাজকে মাদক ও কিশোর অপরাধ থেকে শুধু দূরেই রাখে না বরং ক্রীড়াঙ্গনে নতুন দক্ষ খেলোয়ার তৈরিতে অগ্রণী ভূমিকা রাখে। রাজশাহীর তানোরে ‘মরহুম হাসেন আলী প্রামানিক দিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

মরহুম হাসেন আলী প্রামানিক দিং এলাকার যুবসমাজের ঐতিহ্যবাহী গোকুল মথুরা খেলার মাঠের জন্য ১ একর ০৬ শতাংশ জমি দান করে গেছেন। তার স্মরণে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) রাজশাহীর তানোর পৌরশহরের ঐতিহ্যবাহী শতবর্ষী গোকুল মথুরা খেলার মাঠে একদিন ব্যাপী এ ‘মরহুম হাসেন আলী প্রামানিক দিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ আয়োজন করা হয়।

স্থানীয় ক্রীড়া সংগঠন গোকুল মথুরা ফুটবল ক্লাব, যুব স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা এবং সম্মাননাপ্রাপ্ত উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) যৌথ উদ্যোগে এ নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে গোকুল মথুরা ফুটবল ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সহসভাপতি হিসেবে বরেন্দ্র কবি এম. আলাল উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল হোসেন মিন্টুর সঞ্চালনায় ও গোকুল মথুরা ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন উর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি লেখক, উন্নয়ন ও অধিকারকর্মী মো. শামীউল আলীম শাওন।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘তানোর এলাকার ক্রীড়া ও সামাজিক উন্নয়নের অন্যতম পথিকৃৎ, মরহুম হাসেন আলী প্রামানিকের স্মৃতিতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য শুধু খেলাধুলা নয়, বরং এর মাধ্যমে তার মতো একজন মহান মানুষের আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমাদের এই আয়োজনটি কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং তরুণ সমাজকে মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলার একটি সামাজিক আন্দোলন।’

টুর্নামেন্টের ধারাভাষ্য দেন, রাজশাহী জেলা ক্রীড়া ধারাভাষ্যের সদস্য মো. ইসারুল হক ও মো. ওমর ফারুক। টুর্নামেন্টে রেফারি প্যানেলের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রাজশাহী জেলার রেফারি যথাক্রমে- মো. এনামুল হক, মো. সুলতান মাহমুদ, নওসাদ আলী, আরিফ হোসেন ও কামাল পাশা। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো- হাবিল একাদশ, উইস জেনস পার্লার-রাজশাহী, সোহেল একাদশ, ঠাকুর পুকুর যুব সংঘ, তিনবন্ধু একাদশ, চাপড়া একাদশ, টিকাপাড়া তরুণ সংঘ ও বন্ধু একাদশ। এই টুর্নামেন্টে সহযোগীতা করেন- ‘বিসমিল্লাহ হোটেল ও রেস্টুরেন্ট, তানোর।’