আফগান যুবাদের সিরিজ রাজশাহী ও বগুড়াতে

সোনার দেশ ডেস্ক:
গত মে মাসে রাজশাহীতে হয়েছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের একদিনের ম্যাচের সিরিজ। রাজশাহীর দর্শকেরা এবার আরেকটি বিদেশি দলের সিরিজ উপভোগ করতে পারবেন। সেই স্বাদ পাবেন এবার বগুড়ার দর্শকেরাও। উত্তরের দুই শহরে হবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ।
আফগান যুবাদের বাংলাদেশ সফরের সূচি অনুযায়ী, পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে তারা ঢাকায় আসবে ২৫ অক্টোবর।
সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে, ২৮ ও ৩১ অক্টোবর। সিরিজের বাকি তিন ম্যাচ আয়োজন করবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম (আগের নাম শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম), ৩, ৬ ও ৯ নভেম্বর।
সিরিজটিতে চোখ রেখে রাজশাহীতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের যুবারা। চলতি জাতীয় লিগ টি-টোয়েন্টিতে রাখা হয়নি তাদের।
আগামী বছরের যুব বিশ্বকাপের জন্য তৈরি হওয়ার পথচলায় সিরিজটি খেলবে বাংলাদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই গত মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিল আজিজুল হাকিম তামিমের দল। সেখানে ইংলিশ যুবাদের সঙ্গে প্রথম দুই যুব ওয়াডেতে ১-১ হওয়ার পর বাকি তিন ম্যাচ আর হতে পারেনি বৃষ্টিতে। ইংল্যান্ড সফরের আগে জিম্বাবুয়ে সফর ছিল তাদের। সেখানে ত্রিদেশীয় সিরিজে তারা চ্যাম্পিয়ন হয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। গত জুলাইয়ে ছিল তাদের শ্রীলঙ্কা সফর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘরের মাঠে সবশেষ খেলেছেন ২০২৪ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। প্রায় ১১ মাস পর আবারও নিজেদের মাটিতে ফিরছে তারা। এই সিরিজ শেষ হলেই সামনে এশিয়া কাপ, ডিসেম্বরে যেটি হবে নেপালে।
এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর।
গত মে মাসে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের সিরিজে গ্যালারি ছিল দর্শকে মুখরিত। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজেও তেমন কিছু দেখা যেতে পারে। তবে সেই রোমাঞ্চে বাগড়া দিতে পারে বৃষ্টি। আশ্বিনের শেষে এসেও এবার যেন বর্ষা শেষ হওয়ার লক্ষণই নেই। কিছুদিন আগেই রাজশাহী ও বগুড়ায় এনসিএল টি–টোয়েন্টি লিগ শুরুর পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৈরী আবহাওয়া। শেষ পর্যন্ত ভেন্যু বদলে সেই লিগ নিতে হয় সিলেটে।
তথ্যসূত্র: বিডিনিউজ