চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে দু’দিন ধরে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। ভারতে গত সপ্তাহে বেশী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার (৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে পূর্বর্বর্তী ৪৮ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৬৫ সেন্টিমিটার। গত সোমবার সকাল ৯ টায় পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে পানির সমতল ছিল ১৮ দশমিক ৯৯ মিটার। বুধবার সকালে তা বেড়ে হয়েছে ১৯ দশমিক ৬৪ মিটার। তবে পানির সমতল এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পাঙ্খা পয়েন্টে পানির বিপদসীমা ধরা হয় ২২ দশমিক ০৫ মিটার।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব বলেন, সম্প্রতি ভারতে বেশি বৃষ্টিপাত হওয়ায় অতিরিক্ত ঢলের কারণে পানি বাড়ছে পদ্মা নদীতে। আগামী ২ থেকে ৩ দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরপর পানি কমতে শুরু করবে। পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন এ কর্মকর্তা।