লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু

মোটরসাইকেলের ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু
নাটোর প্রতিনিধি:
নাটোর জেলার লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আলী (৪) নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী উপজেলার গোপালপুর গুচ্ছগ্রামের আল-আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপালপুর গুচ্ছগ্রামের রাস্তার ওপর খেলছিল শিশু মোহাম্মদ আলী। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহীতে নেয়ার পথে রাতেই শিশুটি মারা যায়।