মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ নির্দেশ এমপি মিলনের

নিজস্ব প্রতিবেদক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৮ অপরাহ্ন
মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ নির্দেশ এমপি মিলনের

রাজশাহীর পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পবা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাড. শফিকুল হক মিলন বলেন, মাদক সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তিনি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অবৈধভাবে পুকুর খননের বিষয়টিও গুরুত্ব পায়। এ প্রসঙ্গে এমপি মিলন বলেন, যে দলেরই হোক না কেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি দ্রুত অভিযান চালিয়ে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন।

আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ। এছাড়া বিজিবি, বিভিন্ন থানার কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।