শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গুড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে ব্যানারে লেখা ‘শুভ উদ্বোধন’

নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন
গুড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে ব্যানারে লেখা ‘শুভ উদ্বোধন’

৫ আগস্টের কয়েক দফায় ভাঙা হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়। সব শেষ বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এবার সেখানে ঝুলানো হয়েছে ব্যানার। লেখা হয়েছে ‘রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে’। 


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এরকম একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমারপাড়ায় অস্তিত্বহীন অফিসের সামনে টানানো সেই উদ্বোধনী ব্যানার পুড়িয়ে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।


স্থানীয়রা জানায়, শনিবার সকালে ব্যানার টাঙানোর বিষয়টি জানাজানি হলে দুপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। সেখানে নেতৃত্ব দেন, বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। তারা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।


শামসুল আলম মিলু বলেন, অস্তিত্বহীন আওয়ামী লীগের অফিসে উদ্বোধনী ব্যানার টানানোর বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করেছি যে, কারা এই ব্যানার টানিয়েছে। দুই-তিন জন ব্যক্তি এই ব্যানারটা নিয়ে চলে গেছে। তবে তাদের চেহারায় স্পষ্ট বোঝা যাচ্ছে না। পরে আমার সঙ্গে থাকা লোকজন সেই ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং আমরা পরে সেটি পুড়িয়ে ফেলি।  


বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে যায়। পরে খবর নিয়ে দেখছি সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। তবে কে লাগিয়েছে বা পুড়িয়েছে তা জানা যায় নি।  


উল্লেখ্য, রাজশাহীতে আওয়ামী লীগের সুতিকাগার ছিল নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর দলীয় কার্যালয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার পরপরই বিক্ষুপ্ত আন্দোলনকারীরা আওয়ামী লীগের দলীয় সেই কার্যালয় বুলডোজার দিয়ে ভাঙচুর চালান। গেল বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্রজনতা পরিত্যক্ত সেই আওয়ামী লীগের কার্যালয়টি পুনরায় বুলডোজার দিয়ে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে। আর সেই নিশ্চিহ্ন করে ফেলা দলীয় কার্যালয়ের সামনে উদ্বোধনী ব্যানার টানিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।