রাজশাহী গ্রিনসিটি ও ক্লিন সিটি, অন্য সিটি করপোরেশনের কর্মকর্তারা এসে অভিজ্ঞতা নিতে পারবেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, রাজশাহী সুন্দর, গ্রিনসিটি, ক্লিন সিটি। অন্য সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তারা রাজশাহীতে এসে অভিজ্ঞতা নিতে পারবেন। রাজশাহীর মহানগরবাসী আগামীতে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী উপভোগ করবেন।
বুধবার (২৫ মার্চ) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাসিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, হাতের আঙ্গুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। পাইলট প্রকল্প আকারে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী প্রদান, খাল খনন ইত্যাদি কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থ বছর থেকে বড় আকারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদান করা হবে।
তিনি বলেন, রাজশাহীর পরিচ্ছন্ন, সবুজ, সুন্দর পরিবেশকে আরও সুন্দর করতে সব ধরনের সহযোগিতা করা হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা অনেকটা ভালো তবে বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিক করতে হবে। দক্ষিণ কোরিয়া, চীনসহ অনেক দেশে বর্জ্যকে কাজে লাগিয়ে গ্যাস ও জৈব সার প্রস্তুত করে সম্পদে রূপান্তর করা হয়েছে। সে বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে হবে। চলমান প্রকল্প ছাড়া জরুরী আরও নতুন প্রকল্প প্রণয়নে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় আগ্রহী করতে পাঠ্যক্রমে প্রাথমিক পর্যায় থেকে খেলাধুলার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। স্কুল ছুটির পর সকল স্কুলের মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখতে হবে নির্দেশনা দিয়েছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরী শিক্ষা স্কুল পর্যায় থেকে বাধ্যতামূলক করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টিতে কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভামঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু প্রমুখ। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ, সাবেক কাউন্সিলরবৃন্দ, রাসিকের সকল শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীক ব্যবহারের কথা জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করতে সরকার আন্তরিক। তবে কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় সময় লাগছে। জাতীয় সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো পাস হয়ে আইন আকারে কার্যকর হলে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার সিটি করপোরেশন, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগের বিধান করেছিল। একই সঙ্গে দলীয় প্রতীক বাদ দিয়ে সাধারণ প্রতীকে নির্বাচনের প্রস্তাব করা হয়। এসব অধ্যাদেশ বর্তমানে সংসদের বিশেষ কমিটিতে রয়েছে।
মীর শাহে আলম বলেন, সংসদে অধ্যাদেশগুলো পাস হওয়ার পর আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে। এক মাসের মধ্যেই এসব প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন। ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে প্রস্তাব এলে তা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু এবং ৮ কোটি টাকার একটি সড়ক ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ দেন।