রাবি স্টেশনে দুই আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আজ শনিবার (২৪ অক্টোবর) থেকে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন। ট্রেন দুটি হলো- ৭৩৪ নম্বর ‘তিতুমীর এক্সপ্রেস’ ও ৭৬১ নম্বর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর ট্রেন দুটির যাত্রাবিরতির সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত একই তারিখের একটি পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর আমরা এ যাত্রাবিরতি পাচ্ছি। এ দাবির পক্ষে যারা আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন এবং নীরবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন।
পোস্টে আম্মার আরও বলেন, তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া অন্য রাতের ট্রেনগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস দেওয়ার বিষয়ে প্রশাসনের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে এবং প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আম্মার বলেন, পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। শিক্ষার্থীদের প্রতি এ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এমন কোনো আচরণ না করারও অনুরোধ জানান তিনি।
এর আগে, রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত অকার্যকর থাকায় শিক্ষার্থীদের ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছিল।
প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনটি।