নাটোরে গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকালে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হলরুমে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মো. আ. আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস।
গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মোহা. ফরিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জি. এম. ইস্রাফিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শাকিল উদ্দীন।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, রণাঙ্গনের দিনগুলোর বর্ণনা এবং ২৫ মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে নারকীয় গণহত্যার বর্ণনা তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মোহা. ফরিদ। তিনি নতুন প্রজন্মের কাছে অতীতকে না ভুলার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে উদ্বুদ্ধ করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধকে ধারণ করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন নাটোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ।