শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

‘পাথর পুজোয় কিছু মেলে না, মোদি-যোগীর উপাসনা করুন’

সোনার দেশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২৬ ০১:৪২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৭ এপ্রিল ২০২৬ ০১:৪২ অপরাহ্ন
‘পাথর পুজোয় কিছু মেলে না, মোদি-যোগীর উপাসনা করুন’
সংগৃহীত ছবি

পাথর-পুজো অনর্থক। বরং ব্যক্তি-আরাধনা শ্রেয়। কারণ ‘পাথর পুজো করে কী হবে? পাথরের কাছে কিছু চাইলে সে তো তা দিতে পারবে না!’ মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি নেতা, শ্যাম প্রকাশের। তাহলে উপায়? কোন ব্যক্তিকে উপাসনা করা যেতে পারে? রাজ্যের গোপামউ কেন্দ্রের এই বিধায়কের জবাব, “মোদিজিকে (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আর যোগীজিকে (উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ) ভগবান মনে করায় কোনও ভুল নেই। কারণ, ওঁরাই আমাদের কিছু দিতে পারেন। দেওয়ার ক্ষমতা ওঁদের আছে।”


স্বাভাবিকভাবেই, বিধায়কের এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এক জনসভায় এই কথা বলেন শ্যাম। আর সেই ভিডিও প্রকাশ করে তার কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বিষয়টিকে ‘ধর্মদ্রোহিতা’ বলে উল্লেখ করেছে তারা। বুধবার আম্বেদকর জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শ্যাম। সেখানেই তিনি বলেন, “আমি তো জ্যান্ত মানুষকে ভগবান মনে করি। যোগীজি আর মোদিজিকে ভগবান মনে করায় কোনও ভুল নেই। কারণ, ওঁরাই আমাদের কিছু দিতে পারেন। দেওয়ার ক্ষমতা ওঁদের আছে। পাথরের কাছে কিছু চাইলে সে তো আপনাকে কিছু দিতে পারবে না!” এর পরই এই নিয়ে সরব হয় তৃণমূল।


সমাজমাধ্যমে ভিডিও শেয়ার করে তারা লিখেছে, “মোদি কীভাবে এক বার নিজেকে অজৈবিক বলে দাবি করেছিলেন, মনে আছে তো? এবার ওঁর শিষ্যরা আক্ষরিক অর্থেই সেই পথে হাঁটতে শুরু করেছেন। প্রথমে বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করলেন, মহাপ্রভু জগন্নাথ নাকি মোদির ভক্ত। আর এবার বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ আরও এক ধাপ এগিয়ে প্রকাশ্যে মানুষকে পাথর পুজো বন্ধ করতে বলছেন। তারা অতি বিপজ্জনক ব্যক্তি উপাসনার কথা বলছেন, যা ধর্মদ্রোহিতার আওতায় পড়ে। এরাই আবার নিজেদের ‘ধর্মরক্ষক’ এবং ‘হিন্দু ধর্মের অভিভাবক’ হিসাবে আত্মপ্রচার করেন।” তৃণমূলের দাবি, বিজেপি চায়, ব্যক্তি-উপাসনার এই ধারা বাংলাতেও চালু হোক। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই ‘পাগলামি’ মেনে নেবেন না কখনওই।


এদিকে বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধতেই শ্যাম পরে জানান, জনসভায় যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত। বিভিন্ন বাড়িতে কুলদেবতা হিসাবে পাথরের পুজো হয়। তিনি তা নিয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মাত্র।


তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন